নিজস্ব প্রতিনিধি:
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে। পরিসংখ্যান ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মোঃ কাউসার আহাম্মদ।
বিবিএস অনুসারে, মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে। বিভাগভিত্তিক তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, সমন্বিত মোট জনসংখ্যার মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন, পর্যায়ক্রমে চট্টগ্রামে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার, রাজশাহীতে ২ কোটি ৮০ হাজর, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১, খুলনায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজাার, ৪৭২ সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ এবং সবচেয়ে কম বরিশালে ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।
২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন ও ১৯৭৪ সালে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।