নিজস্ব প্রতিনিধি:
বিশ্বের মধ্যে বারবার বায়ু দূষণ তালিকার শীর্ষে উঠে আসা যেন বাংলাদেশের রাজধানী ঢাকার নিত্যপ্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই দূষণ তালিকার নিচের দিকে নামছে না ঢাকা। বরং বিশ্বের শীর্ষ সকল দূষিত শহরের মধ্যে যেন ঢাকাই অন্যতম। এমনকি আজ সোমবারও বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থানই দেখা গেছে ১ নম্বরে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৬৮, যা বাতাসের মানকে 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে নির্দেশ করে।
একই সময়ে ঘানার শহর আক্রা একই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই শহরের বাতাসও আজ 'খুব অস্বাস্থ্যকর'। ২৫০ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বায়ুর মান ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।
১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়। সেগুলো হল বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এই শহরের বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়।