চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি:
"স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা ও সন্ত্রাস-জঙ্গিবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে খানসামা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি খানসামার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে বেকার যুবক যুবতীদের যুব প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠার আহ্বান জানানো হয়।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন খানসামা ভেটেনারী সার্জন ডা. আমিনুর রহমান, উপজেলা বিকাশ এর নির্বাহী পরিচালক মো: নুরুল হক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।