হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। তিনবার অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেতার সিনেমাগুলো বিশ্বব্যাপী প্রায় ১৩ বিলিয়ন ডলার আয় করেছে। ‘টপ গান’, ‘মিশন: ইম্পসিবল’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’ ও ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এর মতো সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।
‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিলেন টম। ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পেয়েছিলেন পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন। এ ছাড়া ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
তবে একবারও ভাগ্যে জোটেনি অস্কার। বিশ্বজুড়ে তার কোটি ভক্তদের মনে এ নিয়ে আক্ষেপের শেষ নেই।
তবে অভিনেতার মুকুটে যোগ হচ্ছে একটি সম্মাননা। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ তাকে দেওয়া হচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা। আগামী বছর এই সম্মাননা গ্রহণ করবেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, টম ক্রুজকে এএফআইয়ের ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। ২০২৭ সালের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
চলচ্চিত্রজগতে ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডকে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদান, দীর্ঘদিনের সাফল্য এবং দর্শক ও সমালোচকদের স্বীকৃতির ভিত্তিতে প্রতিবছর একজনকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ার ক্যাথলিন কেনেডি টম ক্রুজকে বিশ্বব্যাপী পরিচিত এক তারকা হিসেবে উল্লেখ করেছেন। অভিনেতা ও প্রযোজক হিসেবে চলচ্চিত্রের প্রতি তার নিবেদন এবং সিনেমার মাধ্যমে মানুষকে একত্র করার বিশ্বাসের প্রশংসাও করেছেন তিনি।
বর্তমানে ‘ডিগার’ সিনেমায় অভিনয় করছেন টম ক্রুজ। পাশাপাশি অ্যান হ্যাথাওয়ের সঙ্গে ‘ডেজ অব থান্ডার’ সিনেমার পরবর্তী কিস্তিতেও তাকে দেখা যাবে, যা ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এর আগে এই সম্মাননা পেয়েছেন এডি মারফি, জর্জ ক্লুনি, ডেনজেল ওয়াশিংটন, নিকোল কিডম্যান ও ফ্রান্সিস ফোর্ড কপোলার মতো তারকারা।