আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলে হানাং পর্বতের ঢালের কাছে ঘটনাটি ঘটেছে। বৃষ্টির কারণে এ বন্যা ও ভূমিধস হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা বলেছেন, ‘এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ ও আহত ৮৫ জনে পৌঁছেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
তিনি আরও বলেন, বন্যার পানিতে গাছ ও পাথর ভেঙে অনেক এলাকার রাস্তা বন্ধ হয়ে গেছে। কাদা-পানির কারণে বাকি সড়কগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিবিসি জানায়, তানজানিয়ায় বন্যাকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ হিসেবে বিবেচনা করা হয়। দেশে প্রতি বছর বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রধানত পূর্ব আফ্রিকার দেশগুলি ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসের দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেটি আবার আংশিকভাবে আবহাওয়ার এল নিনোর কারণে।