নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৬।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী।
সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯২০ জনের মধ্যে ২১৯ জন ঢাকার বাসিন্দা এবং ৭০১ জন ঢাকার বাইরের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা এবং চারজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ৯ হাজার ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ২৯৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১ হাজার ৭৮৯ জন।
গত ২৪ ঘন্টায়, ১,১৪০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২১ জন ঢাকার বাসিন্দা এবং ৭৯৩ জন ঢাকার বাইরে।
১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৮ হাজার ৬৩১ জন।