নিজস্ব প্রতিনিধি:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল ও মসুর ডাল ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৮৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার তেল ও ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।
শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি ভোজ্যতেল থেকে এসব তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১১০ টাকা ৯৭ পয়সা।
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা কমিটি টিসিবির জন্য মজুমদার ব্রান অয়েল মিলস থেকে ৪ মিলিয়ন লিটার রাইস ব্র্যান অয়েল কেনার অনুমোদন দেয়। প্রতি লিটার ১৫৬ টাকা ২৫ পয়সা দরে এই তেল কিনতে মোট খরচ হবে ৬২ কোটি ৫০ লাখ টাকা।
এছাড়াও, টিসিবিকে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় ওপেন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সিটি ভোজ্য তেল থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব করা হয়েছে। প্রতি লিটার ১৫৬ টাকা ৩৮ পয়সা দরে এই তেল কিনতে মোট খরচ হবে ১২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও এই প্রস্তাব আনা হয়েছে।