টঙ্গী প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী পথসভা করেছেন নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ বিকেলে টঙ্গীর হাজীর মাজার বস্তি (হাজী নগর) এলাকা থেকে এই প্রচারণা শুরু হয়।
এসময় নৌকার প্রচারণায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ওসমান আলী, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহাজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব প্রমূখ।
এসময় প্রতিমন্ত্রী বলেন, হাজীর মাজার বস্তি রক্ষা করতে আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাষ্টার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে বস্তিবাসীর স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি। কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে ভোট কিনতে চায়। আমি বিশ্বাস করি গাজীপুরের জনগণ টাকার লোভে একজন মাদকসেবীর কাছে নিজের পবিত্র আমানত তুলে দেবে না।
এসময় টঙ্গীর হাজীর মাজার বস্তি, মধুমিতা রোড, শেরেবাংলা রোড এলাকায় প্রচারণা চালিয়ে সকলকে ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।