বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ০৭ মে ২০২৬ ।।
তিন ধাপে মোট ১৩২ টাকা বাড়ানোর পর এবার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে ২০৫ টাকা ৪৫ পয়সায়, যা আগে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা করা হয় ৯৫ টাকা ১২ পয়সা। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়তে শুরু করলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট দেখা দেয়। এর প্রভাবে মার্চে প্রথম দফায় দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সায় পৌঁছে। পরবর্তীতে পরিস্থিতির আরও অবনতি হলে ২৪ মার্চ দ্বিতীয় দফায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দাম বাড়িয়ে করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। পরে এপ্রিলে আবারও দাম বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২৭ টাকা ০৮ পয়সায়।