নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ঋণখেলাপি প্রার্থীদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খেলাপিরা যাতে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগে রিটার্নিং অফিসে তথ্য দেওয়ার কথা বলা হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব এম মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) ধারা অনুযায়ী আগামী ১৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক এরই মধ্যে নির্বাচনী সময়সূচি জারি করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
ইসি আরও বলেছে যে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’ এর ধারা ২৯ অনুযায়ী আইনের সঙ্গে অসামঞ্জস্য না হলে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে বিধান রয়েছে। সে অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনের ন্যায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও যাতে ঋণখেলাপি ব্যক্তি অংশগ্রহণ করতে না পারেন, এ বিষয়টি নিশ্চিতকরার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের সংশ্লিষ্ট বিধানাবলী (সংযুক্ত) এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংকলন ও সরবরাহ পদ্ধতি সংসদ নির্বাচনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক ২৮ নভেম্বর ২০২৩ তারিখে জারি হয়েছে।
তদনুসারে, নির্বাচন কমিশনের জারি করা তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের নিকট হতে সংগ্রহ করবে।