নিজস্ব প্রতিনিধি:
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছয় বছর আগে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সব জটিলতা কাটিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে এই সিনেমা। গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।
'পেয়ারার সুবাস' মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। রোববার (২৬ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর এমডি শাহরিয়ার শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী বছরের শুরুতে 'পেয়ারার সুবাস' মুক্তি পাচ্ছে। দর্শকরা ছবিটি দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। প্রতিভাবান পরিচালক নুরুল আলম আতিকের সিনেমায় জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন বলে আশা করছি।
সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহলানবিশ, আঁখি আফরোজসহ আরও অনেকে।
'পেয়ারার সুবাস' ছবির চিত্রগ্রহণ করেছেন অয়ন রেহাল, সম্পাদনা করেছেন সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার এবং সঙ্গীত পরিচালনা করেছেন রশিদ শরীফ শোয়েব।
আতিকের ‘ডুবসাঁতার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়ার। এই জুটির 'বিকল পাখির গান' নামে একটি টেলিফিল্ম এখনও সিনেপ্রেমীদের কাছে সমাদৃত। আতিকের সর্বশেষ ছবি 'লাল মোরগের ঝুঁটি'। তার অভিনীত ‘মানুষের বাগান’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।