নিজস্ব প্রতিনিধি :
দেশে একজন ব্যক্তির গড় মাসিক আয় গত ছয় বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে একজন মানুষের গড় আয় ছিল ৩ হাজার ৯৪০ টাকা। আর বর্তমানে একজন মানুষের মাসিক গড় আয় ৭ হাজার ৬১৪ টাকা। রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। এর আগে গত এপ্রিলে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের আয় অনেক বেশি। নগরীর একজন মানুষের গড় মাসিক আয় ১০ হাজার ৯৫১ টাকা। আর গ্রামের মানুষের আয় অর্ধেকের কাছাকাছি ৬ হাজার ৯১ টাকা। একটি পরিবারের সবাই উপার্জন করে না এবং সেখানে শিশু, বৃদ্ধ এবং মহিলারা আছে যারা স্বাভাবিক কারণে কাজ করতে পারে না। কিন্তু একটি পরিবারে এক বা একাধিক উপার্জনকারী থাকতে পারে। এই উপার্জনকারীদের গড় আয়ও দেওয়া হয়েছে জরিপে। আয়কারীদের গড় আয় ২৫ হাজার ৭০৭ টাকা। ৬ বছর আগে এর পরিমাণ ছিল ১৩ হাজার ৬৪৬ টাকা। এই হিসাব শুধুমাত্র উপার্জনকারীর আয়ের উপর ভিত্তি করে করা হয়। একটি পরিবারের মাসিক আয় ও ব্যয় কত, তাও বলা আছে গৃহস্থালি আয় ও ব্যয় জরিপে।
বিবিএস অনুসারে, বাংলাদেশে একটি খানা বা পরিবারের সদস্যের গড় সংখ্যা ৪.২৬। ওই পরিবারের মাসিক আয় ৩২ হাজার ৪২২ টাকা। প্রতি মাসে গড়ে ৩১,৫০০ টাকা খরচ হয়। একটি পরিবার প্রতি মাসে গড়ে ১৪ হাজার ৩০০ টাকা খাবার খরচ করে।
এ প্রসঙ্গে বিবিএসের উপ-পরিচালক এবং গৃহস্থালি আয়-ব্যয় জরিপ প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রাথমিক প্রতিবেদনে প্রাথমিক ফলাফল একই ছিল। এবার শুধু বিস্তারিত বলা হয়েছে। গত ছয় বছরে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের কারণে আয়-ব্যয়ের পরিবর্তন হয়েছে।