গাজীপুর প্রতিনিধি
গবেষণার প্রকৃত সার্থকতা কেবল নতুন জ্ঞান সৃষ্টি নয়, বরং সেই জ্ঞানের সুফল কৃষকের মাঠে পৌঁছে দেওয়া। দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কৃষকের প্রয়োজনে ব্যবহারযোগ্য হতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে তিন দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা ২০২৬-২০২৯’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “সরকারের কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নে গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের গবেষণা হতে হবে জাতীয় কৃষি উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ, উদ্ভাবননির্ভর ও কৃষকের জন্য প্রয়োগযোগ্য। কারণ গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন তার সুফল কৃষকের মাঠে পৌঁছে দেশের কৃষির উৎকর্ষ সাধনে ভূমিকা রাখে।”
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজমেন্ট উইং আয়োজিত এ কর্মশালায় পাঁচটি থিমেটিক এরিয়ায় মোট ৩৪টি গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হয়। কর্মশালার বিভিন্ন পর্বে গবেষকেরা তাঁদের প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের কৃষিতে সম্ভাব্য প্রয়োগ ও প্রভাব তুলে ধরেন। তিন দিনের আলোচনা ও মতবিনিময়ে গবেষণা পরিকল্পনাগুলোকে আরও বাস্তবমুখী ও ফলাফলনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মসিউল ইসলাম বলেন, এ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে সুসংগঠিত, সমন্বিত ও দীর্ঘমেয়াদি কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি হয়েছে। গবেষণা পরিকল্পনা বাস্তবায়নে রিসার্চ ম্যানেজমেন্ট উইংয়ের সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন গবেষণা প্রকল্পের প্রধান ও সহকারী গবেষক এবং বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।