প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৫১ পি.এম
কুমিল্লায় পুত্রবধূদের মারধরে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে ভর্তি

কুমিল্লায় পুত্রবধূদের মারধরে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে ভর্তি
কুমিল্লা ব্যুরো প্রধান
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে পুত্র ও পুত্রবধূদের মারধরে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই বৃদ্ধার নাম শামফুলের নেছা (৭৮)। পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। শামফুলের নেছা অভিযোগ করেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাঁর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে ছেলেরা ও তাদের স্ত্রীরা প্রায়ই তাঁকে নির্যাতন করতেন। সর্বশেষ গতকাল তাঁর ছেলে আতাউল্লার স্ত্রীসহ আরও কয়েকজন পুত্রবধূ তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তিনি আরও দাবি করেন, তাঁকে হত্যার হুমকি দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর স্বামীকেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে জোর করে কাজী অফিসে নিয়ে গিয়ে স্বামীর মাধ্যমে তাঁকে তালাক দেওয়ার চেষ্টাও করা হয়েছিল বলে জানান এই বৃদ্ধা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযুক্ত ছেলে আতাউল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে ‘পারিবারিক ব্যাপার’ বলে উল্লেখ করে বলেন, “ঘটনার পেছনে বড় প্রেক্ষাপট রয়েছে। বিস্তারিত না জেনে সংবাদ প্রকাশ করা ঠিক হবে না।” তবে মারধরের অভিযোগ নিয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টর্মাস বড়ুয়া এশিয়া পোস্টকে বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.