নিজস্ব প্রতিনিধি:
রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে রেকর্ড সফল। তবে সমালোচকরা ছবিটির প্রশংসা না করে কটাক্ষই বেশি করেছেন।
ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। তবে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন সেটি সমাজের ক্ষেত্রে মোটেই ভালো না বলে মনে করছেন সমালোচকদের একাংশ। যেমন- অ্যানিম্যাল ছবির একটি দৃশ্যে জুতো চাটার অংশটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাভেদ আখতার। তার কথায়, এ ধরনের দৃশ্য নারীদের অসম্মান করে। একই দৃশ্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের টুইট শেয়ার করেছেন কঙ্গনা।যেখানে নেটিজেন, কঙ্গনার ফ্লপ ছবি ‘তেজস’-এর প্রশংসায় পঞ্চমুখ। সেই টুইট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, আমার ছবি বারবার অপমান করা হয়েছে। এর পেছনে অর্থের একটি অংশ কাজ করেছে। আমি লড়াই করছি আমি এমন কিছু ছবি করেছি যা নারীদের গর্বিত করে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল দর্শকরাও চায় নায়িকারা নায়কের জুতা চাটুক! এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ক্যারিয়ার পরিবর্তন করতে হবে।