নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার মেয়েদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্যাশিশুকে উন্নত বিশ্বের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উপলক্ষে দেওয়া এক বার্তায় সরকারপ্রধান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’-এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল কন্যাশিশুদের প্রতি তার আন্তরিক স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে কন্যাশিশু। নারী ও কন্যাশিশুর মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ এখন জেন্ডার সমতায় সারা বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করছে।’
প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৪ বছর ধরে ব্যাপক সাফল্যের সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নারী ও মেয়েদের উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন,‘২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে জেন্ডার সম্পৃক্ত বরাদ্দের পরিমাণ দুই লাখ ৬১ হাজার ৭৮৭ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৪ দশমিক ৩৭ শতাংশ এবং জিডিপির পাঁচ দশমিক ২৩ শতাংশ। বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও ১৭টি বিভাগের জন্য পৃথক জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে, যা নারী ও কন্যাশিশুদের সার্বিক অধিকার রক্ষায় ব্যবহৃত হবে।’
শেখ হাসিনা বলেন, কন্যাশিশুদের কল্যাণে আমরা বিনামূল্যে শিক্ষা প্রবর্তন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি।
শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, কন্যাশিশুদের বিকশিত হওয়ার প্রতিটি পদক্ষেপে এবং তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। তাহলে তারা যোগ্য ও দক্ষ নাগরিক হয়ে উঠবে এবং আগামীর উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’