নিজস্ব প্রতিনিধি:
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ১২৭ বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ বিলিয়ন ডলারে। এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার আকুরের ঋণ পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড বা আইএমএফ-এর হিসাব ব্যবস্থা (বিপিএম৬ অনুযায়ী) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০.৪০ বিলিয়ন ডলার। এর আগে গত বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১.৭৪ বিলিয়ন ডলার।
এর আগে দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্ট মাসে। তবে ২০১৭ সালে রিজার্ভ প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। আর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব শুরুর আগ পর্যন্ত রিজার্ভ ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামায় ছিল।
তবে করোনা পরবর্তী সময়ে বিশ্ববাজারে সুদের হার অনেক কমে গেছে। এতে অনেক দেশ বৈদেশিক ঋণ কমিয়ে আনলেও বাংলাদেশে তা বেড়ে যায়। এ কারণে আগের ঋণ পরিশোধ করতে গিয়ে বাড়তি চাপ সৃষ্টি হয়।
অন্যদিকে দেশে ডলারের তীব্র সংকটের কারণে খোলা বাজারের অবস্থাও উত্তাল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে সংকট আরও জটিল হয়েছে। এ কারণে এলসি খোলা বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ব্যাংক এখনও এলসি খুলতে পারছে না এবং নিষ্পত্তিতেও ভুগছে। আর বাজার পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে। এ কারণে প্রতি মাসেই ডলার বাজারে ছাড়ার কারণে মজুদের পরিমাণ কমছে।