নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের মহা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের জন্য। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে হয়তো শতভাগ করা সম্ভব হয়নি। তবে বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের সফলতা আছে। নিম্ন আয়ের মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবিসহ নানান কর্মসূচির মাধ্যমে সরকার স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে। যার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
তিনি বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। এটা সত্য যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি খাতের যৌথ ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
দেশে মাংস আমদানি হবে কি হবে না এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্থানীয় খামারিদের স্বার্থ বিবেচনা করে মাংস আমদানির কোনো পরিকল্পনা সরকারের নেই। মাংস আমদানি হলে ৪০০-৪৫০ টাকায় দেশের মানুষকে খাওয়ানো সম্ভব। তবে আমরা সব সময় দেশের কৃষকদের স্বাবলম্বী হওয়ার কথা ভেবেছি।
তিনি বলেন, কোরবানির গরুর অর্ধেক ভারত থেকে আমদানি করতে হয়। কিন্তু বর্তমানে একটি গরুও আমদানি করতে হয় না, বরং উদ্বৃত্ত রয়েছে। এ খাতে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। অনেকে কাজ না করেই গরুর খামার দিচ্ছেন। দেশের খামারিদের কথা বিবেচনা করে আমরা আপাতত মাংস আমদানি করতে চাই না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার পর বাজার নিয়ন্ত্রণে না আসায় যখন আমদানির অনুমতির সিদ্ধান্ত নেওয়া হলো, তখন ডিমের দাম কমে গেলো। মাত্র ৬২ হাজার ডিম আমদানির পর প্রতি ডজনে আরও ২০-৩০ টাকা কমে গেলো। আলুর ক্ষেত্রেও একই অবস্থা। এর মানে দেশে পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে বাজারজাত করছে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার বা সিন্ডিকেট শক্তিশালী নয়। জনগণের সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী। ভোক্তাদের সচেতন ও প্রতিবাদী হতে হবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই টিকতে পারবে না। এ উদ্যোগ মানুষকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।