বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১৭ মে ২০২৬ ।।
চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিয়োগের পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি প্রতিষ্ঠান। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
প্রতিনিধিদল জানায়, তাদের প্রতিষ্ঠানে বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। দক্ষতা ও পরিশ্রমের কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও তারা উল্লেখ করেন। এছাড়া দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও দক্ষতার সঙ্গে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলে জানান তারা।
তারা আরও জানান, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে নতুন চালক বাছাই কার্যক্রম শুরু হবে। এ ধাপে ১ হাজার ৫০০ জন নতুন চালক নেওয়ার পাশাপাশি পুরো বছরে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য এ ধরনের কর্মসংস্থানের সুযোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরও অনুরোধ করেন, দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা রাখতে। একই সঙ্গে চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবীদের নিয়োগের বিষয়েও প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে দুবাইয়ে যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ শ্রমজীবী কর্মীকে বিদেশে যাওয়ার খরচ মেটাতে ঋণের ওপর নির্ভর করতে হয়।
এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানান প্রতিমন্ত্রী।