নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, আমেরিকার ভিসা নীতি দেশের পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। আকু পেমেন্টের জন্য কয়েকটি ব্যাংককে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে তিনি বলেন, যে কোনো স্যাংশনস দিলেই তা শঙ্কিত হওয়ার। এরপরও ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন, আকু পেমেন্ট অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, সাবেক সভাপতি সালাম মুর্শিদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, আমেরিকার ভিসা নীতি যে কাউকে প্রভাবিত করতে পারে। আবার আমি গত ৩০ বছর ধরে ৫ বছরের জন্য মার্কিন ভিসা পেয়েছি। তারপরও আমি আমেরিকা যাওয়ার পর সে আমাকে বলল তোমার ভিসা বাতিল হয়ে গেছে। এভাবে কারো ভিসা বাতিল হয়।
তিনি বলেন, কোনো ব্যবসায়ীর ভিসা বাতিল হলেও তিনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। কোভিডের সময় আমরা কোনো দেশে যেতে পারিনি। তবে আমাদের ব্যবসা বন্ধ হয়নি। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ভিসা বাতিল হলেও সে তার ব্যবসা চালিয়ে যেতে পারবে।
আকু পেমেন্টে কয়েকটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর পেমেন্ট কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে তবে সেটা অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। তবে যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার, তবুও আশাবাদী ব্যবসায়ী তার ব্যবসায় প্রভাব পড়বে না।