দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ১ হাজার ১০৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমে যাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। প্রতি গ্রামে এর দাম দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ টাকা।
এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। এ মানের প্রতি ভরিতে ৭০০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, কারুকাজ ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।