বাংলাদেশ কণ্ঠ প্রতিবেদক : আধুনিক প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় মাসকুলার ডিজাইনের সমন্বয়ে দেশের বাজারে নতুন Honda Hornet 2.0 উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। উন্নত নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট ফিচার এবং স্পোর্টি লুকের সমন্বয়ে নতুন এই মোটর সাইকেলটি দেশের বাইক প্রেমীদের জন্য নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি। ঢাকায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন Hornet 2.0 বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ১৯৯৬ সালে Hornet সিরিজের যাত্রা শুরুর পর থেকে বিশ্বজুড়ে এই সিরিজের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাইডারদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নতুন মডেলটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার।
নতুন Honda Hornet 2.0-তে রয়েছে ১৮৪.৪ সিসির PGM-FI ইঞ্জিন। ইঞ্জিনটি ৮৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৬.৬ পিএস শক্তি এবং ৬০০০ আরপিএমে ১৫.১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার মোটর সাইকেলটিকে করেছে আরও আকর্ষণীয়।
রাইডিংকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এতে সংযোজন করা হয়েছে Honda Selectable Torque Control (HSTC), BOSCH-এর ডুয়েল-চ্যানেল ABS এবং Assist & Slipper Clutch। এছাড়া রয়েছে SHOWA ব্র্যান্ডের গোল্ডেন USD ফ্রন্ট ফর্ক, ১৪০ মিমি প্রশস্ত রিয়ার টায়ার এবং সামনে ২৭৬ মিমি ও পেছনে ২২০ মিমি পেটাল ডিস্ক ব্রেক। এসব প্রযুক্তি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা ও ব্রেকিং সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
নতুন মডেলটির অন্যতম আকর্ষণীয় সংযোজন হলো কালার TFT মিটার। এতে গিয়ার পজিশন, রিয়েল-টাইম মাইলেজ এবং অবশিষ্ট জ্বালানিতে সম্ভাব্য চলার দূরত্ব দেখার সুবিধা রয়েছে। পাশাপাশি তিনটি ব্রাইটনেস লেভেল, দুটি ডিসপ্লে থিম এবং Type-C চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে, যা রাইডারদের দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
ডিজাইন ও নিরাপত্তার ক্ষেত্রেও নতুন Hornet 2.0-তে রয়েছে বিশেষত্ব। সম্পূর্ণ LED লাইটিং সিস্টেম, X-shaped LED টেইল ল্যাম্প এবং Emergency Stop Signal (ESS) মোটরসাইকেলটির আধুনিক লুকের পাশাপাশি সড়কে দৃশ্যমানতা বাড়াবে। এছাড়া সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরসহ ইঞ্জিন কাট-অফ সুইচ ও ইঞ্জিন স্টপ সুইচ যুক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. সুসুমু মরিসাওয়া হোন্ডার ‘The Power of Dreams’ দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন Hornet 2.0-তে স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে। এটি বাংলাদেশের রাইডারদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মি. শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান নতুন TFT মিটারের ব্যবহারিক সুবিধার পাশাপাশি HSTC ও ডুয়েল-চ্যানেল ABS প্রযুক্তির মাধ্যমে উন্নত নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। নতুন মডেলটির বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, “The Beast Evolves”। নতুন Honda Hornet 2.0 পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে—Radiant Red Metallic, Matte Axis Gray Metallic এবং Pearl Igneous Black।
মোটরসাইকেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা। আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আগ্রাসী স্ট্রিটফাইটার ডিজাইনের সমন্বয়ে নতুন Honda Hornet 2.0 দেশের মোটরসাইকেল বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।