নিজস্ব প্রতিনিধি :
বায়ু দূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএআইআর) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
৩৯৪ এর বায়ু মানের স্কোর নিয়ে ঢাকা তালিকার শীর্ষে রয়েছে। এর মানে হল আজকের বায়ু ‘দুর্যোগপূর্ণ’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরের একটি স্কোর ২৪৪ যার মানে এটির বাতাসের গুণমানও 'খুবই অস্বাস্থ্যকর'।
এছাড়া ভারতের মুম্বাই শহরের ২৩৩ স্কোর রয়েছে তৃতীয় অবস্থানে। কিরগিজস্তানের বিশকেক ১৯২ স্কোর নিয়ে পরের অবস্থানে এবং ভারতের কলকাতা ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'খুবই অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং অসুস্থ রোগীদের বাড়ির ভিতরে এবং অন্যদের বাড়ির বাইরে তাদের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও, ৩০১ এবং ৪০০ এর মধ্যে থাকা একিউআই 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বায়ু দূষণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তবে বায়ুদূষণ শিশু, অসুস্থ ব্যক্তি, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের জন্য খুবই ক্ষতিকর।