বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ০৭ মে ২০২৬ ।।
সৌদি আরব তাদের রাজধানী রিয়াদ-এর দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপত্তায় পরিকল্পিত নৌ অভিযান স্থগিত করেছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রোববার ট্রাম্প তার ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচির ঘোষণা দিলে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়। পরে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে ফোনে কথা বললেও এ বিষয়ে সমর্থন আদায় করতে পারেননি। এক সৌদি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে বিস্মিত হওয়ার সুযোগই খুব কম। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান পরিচালনার অনুমতি দেবে না এবং এ উদ্যোগে সহায়তার জন্য সৌদি আকাশসীমাও ব্যবহার করতে দেবে না। সূত্রটি আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা তৈরিতে পাকিস্তান-এর নেতৃত্বে যে কূটনৈতিক তৎপরতা চলছে, তাতে রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালিতে পরিকল্পিত অভিযানের বিষয়ে পশ্চিম এশিয়ার মিত্রদের আগেই অবহিত করা হয়েছিল। তবে ওমান-এর এক কূটনীতিক জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে ঘোষণাটি দেওয়ার পরই যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, আগে ঘোষণা দেওয়া হয়েছে, পরে আমাদের জানানো হয়েছে। তবে এতে তারা ক্ষুব্ধ বা হতাশ নন। এদিকে ইরান বৃহস্পতিবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী যে কোনো বাণিজ্যিক জাহাজকে তারা সামুদ্রিক, যান্ত্রিক কিংবা চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত। ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দেওয়ার একদিন পর তেহরানের পক্ষ থেকে এ বার্তা এলো।