নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করলেও দল হিসেবে তাদের নিষিদ্ধ করার কথা এখনো ভাবেনি আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল- কানাডার ফেডারেল আদালত এই রায় দিয়েছেন। তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটি জারি করেছে। অনেকেই বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছেন। তবে দল হিসেবে তাদের নিষিদ্ধ করার কথা এখনো চিন্তা করেনি আওয়ামী লীগ। এখানে আদালতের বিষয় আছে। আইন-আদালত তো মানতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছেন। আদালত জামিন দিয়েছেন। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয় যে সে অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। মামলা আছে, মামলা চলবে।
বিএনপি মহাসচিবের জামিনে মুক্তির পর দলের আন্দোলন বেগবান হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদাজাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য।
সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে।