১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শিক্ষার আনন্দঘন পরিবেশ সৃষ্টি ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দেশের ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ স্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ছোট বাচ্চাদের শিক্ষাকে আরও আনন্দদায়ক করতে আমরা সব প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ ফার্নিশিং কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচিত ১০,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ উন্নয়ন প্রকল্প (জুলাই ২০২৩-জুন ২০২৬) হাতে নেওয়া হয়েছে। স্কুলে মেয়েদের সংখ্যা বাড়াতে এবং শিক্ষার সুযোগ বাড়াতে পর্যায়ক্রমে সব স্কুলে মেয়েদের ও শিক্ষকদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে র্যাম্প নির্মাণ করা হচ্ছে। মাঠ পর্যায়ে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিবন্ধকতা উত্তরণ সহায়ক সামগ্রী ক্রয় ও বিতরণের জন্য প্রতিটি উপজেলার চাহিদার ভিত্তিতে তহবিল বরাদ্দ করা হচ্ছে। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি।
























