সাত-আট নম্বরে নেমেও দলের ভরসা মিরাজ
- আপডেট সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৬১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
পরিসংখ্যানকে মানদণ্ড ধরলে হয়তো ২০২৪ সাল মেহেদী হাসান মিরাজের টেস্ট ক্যারিয়ারের সেরা বছর। চলতি বছর এখন পর্যন্ত মিরাজের সংগ্রহ ৪৬১ রান। ব্যাটিং পজিশন অনুযায়ী এ বছর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন মিরাজ। ডানহাতি টাইগার ক্রিকেটারের আগে আছেন কেবল শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। লঙ্কান এই ব্যাটার করেছেন ৬৩৪ রান।
কোন পজিশনে ব্যাটে করে আসলে সেরাদের সঙ্গে যুক্ত হলেন মিরাজ, সেটা স্পষ্ট করা যাক। এ বছর টেস্ট ক্রিকেটে সাত থেকে এগারো নম্বর পজিশনে ব্যাটিং করেছেন এমন ব্যাটারদের মধ্যে শ্রীলঙ্কার লোওয়ার মিডলঅর্ডার কামিন্দু মেন্ডিসের রান সর্বোচ্চ; ৬৩৪ রান। এই তালিকায় মিরাজ দ্বিতীয় স্থানে।
বছরটা ভালো কাটলেও মিরাজের আক্ষেপ কমেনি। কারণ, এই বছর মোট চার অর্ধশতকের কোটা পার করে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন মিরাজ। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে। একবারও দেখা পাননি সেঞ্চুরির।
গেল মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ওই টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ৫১১ রান। কিন্তু ৩১৮ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। মিরাজ আট নম্বরে নেমে ১১০ বলে ১৪ বাউন্ডারিতে ৮১ রান করেন। মিরপুর টেস্টের মতো ওই ম্যাচেও মিরাজের সঙ্গে ছিলেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
এরপর পাকিস্তানের বিপক্ষে গত আগস্টে টানা দুই টেস্টে আট নম্বরে নেমে যথাক্রমে ৭৭ ও ৭৮ করেন মিরাজ।
ডানহাতি টাইগার ব্যাটারের ৭৭ রানের ইনিংস শেষ হয় পাকিস্তানি ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদির বলে। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে আগা সালমানের হাতে ক্যাচ হন তিনি। আর ৭৮ রানে গুডলেন্থের বলে স্ট্রেইট ড্রাইভ খেলতে গিয়ে পেসার খুররম শাহজাদের হাতে ফিরতি ক্যাচ হন মিরাজ।
অবশেষে রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে মুলদারের হাতে ক্যাচ হন মিরাজ। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করা আর হলো না ডানহাতি টাইগার ব্যাটার।
ব্যক্তিগত সাফল্যের মুকুটে পালক বসলো না তাতে কী? সাত থেকে আট নম্বরে নেমেও যে স্বীকৃত ব্যাটারদের লজ্জায় ডুবিয়ে ভালো খেলা যায়, প্রতিপক্ষের ফ্রন্টলাইন বোলারদের আত্মবিশ্বাসকে মোকাবিলা করা যায়, দলকে সামনেও এগিয়ে নেওয়া সম্ভব, তারই জ্বলন্ত নজির তো ঠিকই স্থাপন করলেন মিরাজ।
টপ ও মিডল অর্ডাররা যখন ক্রমাগত ব্যর্থ, অকাতরে উইকেট বিসর্জন দিয়ে আসছেন, সেই অবস্থায় মিরাজ সাত ও আট নম্বরে (সাকিব না থাকায় মিরপুরে সাতে) নেমেও রান করছেন। শতরানের কাছাকাছি যাচ্ছেন, সেটাই তো অনেক।
















