যুক্তরাষ্ট্রে সিনেটের নতুন নেতা কে হচ্ছেন?
- আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২১৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার উত্তেজনা শেষ হতেই এখন সিনেটের নতুন নেতা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডাগুলো কতটা আইনে পরিণত হবে সেটা ঠিক করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার সিনেটরদের ভোটে নতুন নেতা নির্বাচিত হবেন এবং তাকে অবশ্যই তার মনোনয়নগুলো দ্রুত অনুমোদন করার আগ্রহ থাকতে হবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যেসব নিয়োগ দিবেন সেগুলো সিনেটের অনুমোদন পেতে হবে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন। ওই বৈঠকে ট্রাম্পকে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা থেকে পিছিয়ে না আসার জন্য বাইডেন আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠতা এখন রিপাবলিকান পার্টির। সে কারণে বুধবার এ দল থেকেই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সাধারণত গোপন ভোটে এটি হলেও এবার ভোটের আগেই উঠে আসছে ফ্লোরিডার সিনেটর রিক স্কটের নাম।
কারণ জন করনিন এবং জন থুন- দুজনের কেউই ডোনাল্ড ট্রাম্প শিবিরের আস্থাভাজন ব্যক্তি নন। ফলে দলের তৃণমূল থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরাও এখন প্রকাশ্যে স্কটের কথা বলছেন। অ্যালাবামার টমি টিউবারভিলসহ অন্তত পাঁচজন স্কটকে সমর্থন করেছেন।
রবার্ট এফ কেনেডি জুনিয়র লিখেছেন, রিক স্কটকে ছাড়া ট্রাম্পের পুরো সংস্কার এজেন্ডা টলমল করবে। এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক ও মার্ক রুবিও স্কটকে সমর্থন করেছেন। সিনেটের বর্তমান রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল আগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নিয়ন্ত্রণ আসবে কি না তা এখনো জানা যায়নি। এমনটা হলে কংগ্রেসের উভয়কক্ষই তাদের নিয়ন্ত্রণে আসবে। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনে কারা কাজ করবেন তাদের পর্যালোচনার কাজ শুরু হয়েছে।
এর মধ্যে গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের হোয়াইট হাউজের চীফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেক রামাস্বামীর নাম শোনা যাচ্ছে।
প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রাইমারি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এখন দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে তার নাম তালিকায় আছে বলে খবর পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকার বলতে সরকারের তিনটি শাখা- হোয়াইট হাউজ, কংগ্রেস এবং বিচার ব্যবস্থাকে বোঝায়। গত সপ্তাহের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী ডোনাল্ড ট্রাম্প যাবেন হোয়াইট হাউজে। এটি তাকে সরকারের নির্বাহী শাখার নিয়ন্ত্রণ দেবে।

















