বিশেষ ৮ এপিসোডে চমক দেখাবে ‘ব্যাচেলর পয়েন্ট’
- আপডেট সময় : ০৩:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৫.০২.২০২৬ ।।
আসন্ন ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় নাট্যধারা ব্যাচেলর পয়েন্ট। বিশেষ উপলক্ষে নির্মিত হচ্ছে আট পর্বের একটি পূর্ণাঙ্গ অধ্যায়, যার নির্দেশনা ও চিত্রনাট্যে থাকছেন কাজল আরেফিন অমি। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখনো শুটিং শুরু হয়নি, তবে প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। খুব শিগগিরই দৃশ্যধারণ শুরু হবে বলে আশা করছেন তিনি।
ঈদ উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ অধ্যায়ে থাকবে একটি বড় চমক এবং নতুন একজন শিল্পীর অন্তর্ভুক্তি। তবে কী সেই চমক—তা আপাতত গোপনই রাখছেন নির্মাতা। তার ভাষ্য, মুক্তির পর দর্শকরাই সেটি আবিষ্কার করবেন।
জানা গেছে, বিশেষ পর্বগুলোর আলাদা কোনো শিরোনাম থাকছে না; পুরো অধ্যায়জুড়ে থাকবে ঈদের আবহ। পরিকল্পনা অনুযায়ী ঈদের দিনই এটি প্রকাশ করা হবে। এতে সিরিজটির নিয়মিত অভিনয়শিল্পীরাই অংশ নেবেন।
নির্মাতা আরও জানান, বর্তমানে তার ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিরিজটি। কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রকল্পে যুক্ত হচ্ছেন না তিনি। সম্প্রতি পঞ্চম সিজনের ৬৫ থেকে ৭২ নম্বর পর্ব প্রকাশিত হয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ একসঙ্গে দেখা যাচ্ছে। পাশাপাশি ইউটিউবেও প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার নতুন পর্ব প্রচারিত হচ্ছে।
এই সিজনে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও তৌসিফ মাহবুব। নতুনভাবে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া।























