বিপিএল থেকে সরে দাড়ালো চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিলো বিসিবি
- আপডেট সময় : ০৬:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বৃহস্পতিবার।। ২৫ ডিসেম্বর।। ২০২৫।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হওয়ার মাত্র এক দিন আগে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টি নিয়ে। ঠিক এই সময় চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ কাইয়ুম রশিদ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানায়, তারা আর দলের মালিকানা ধরে রাখতে পারছেন না।
চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটির সব দায়দায়িত্ব বিসিবিকে নেওয়ার অনুরোধ জানানো হয়। এরুপ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তাগণ দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে জরুরি বৈঠকে বসে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, চট্টগ্রাম রয়্যালসের সম্পূর্ণ মালিকানা ও পরিচালনার দায়িত্ব বিসিবি নিজেই নিবে।
বিসিবির নেওয়া এই সিদ্ধান্তে চট্টগ্রাম রয়্যালস দলের ভেতরে আবার স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। মালিকপক্ষের আর্থিক সমস্যার কারণে দলটি আগেই নানা ঝামেলায় পড়েছিল। অর্থের গড়মিল ও ব্যবস্থাপনার দুর্বলতার জন্য দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজিটি সংকটে ছিল। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের পারিশ্রমিক ও ব্যাংক গ্যারান্টি নিয়ে জটিলতা দেখা দেয়, যার ফলে বিদেশী ক্রিকেটাররা দলে যোগ দেবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
এখন থেকে বিসিবি সরাসরি দলটির দায়িত্ব নেবে। একই সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি ক্রিকেটার নেওয়ার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। কোচিং স্টাফের একজন সদস্য জানিয়েছে, এই তথ্য নিশ্চিত এবং টুর্নামেন্টের মান ঠিক রাখতে বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে।
আগামি শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরের উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস, তবে ম্যাচ শুরুর আগে দলটির প্রস্তুতি এখনও পুরোপুরি শেষ হয়নি।
দলের সবচেয়ে বড় ধাক্কা এসেছে টুর্নামেন্ট শুরুর মাত্র দুই দিন আগে। তিন বিদেশি ক্রিকেটর- আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান ডিকভেলা নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ জাস্টিন মাইলসের যোগ দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই খেলোয়াড় ও সরঞ্জাম নিয়ে এখনও কিছু ঘাটতি রয়ে গিয়েছে।
দলটিকে মাঠে নামানোর জন্য বিসিবি সম্পূর্ণভাবে নিজেদের ব্যবস্থাপনায় প্রস্তুতি নিচ্ছে।
















