বঙ্গবন্ধু টানেলের ফলক উন্মোচনে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের অন্যতম প্রকল্প বঙ্গবন্ধু টানেলের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেল।
২৮ অক্টোবর শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে নগরীর পতেঙ্গা প্রান্তে সুইচ টিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
টানেলের প্রবেশমুখের ডান পাশে এই নামফলক স্থাপন করা হয়। একই ধরনের নামফলক স্থাপন করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেলের টোল প্লাজা এলাকায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে টানেল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। নির্মাণ শুরুর প্রায় সাড়ে চার বছর পর, টানেলটি উদ্বোধন করা হয়। রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হবে। ফলক উন্মোচন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, টানেলটি চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘দুটি শহরকে একটি নগরীতে’ পরিণত করবে। এটি দেশের অর্থনীতিকে চাঙা করবে।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের প্রায় অর্ধেকই চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করেছে। টানেলের পুরো পথের দৈর্ঘ্য ৯.৩৯ কিলোমিটার (৫.৮৩ মাইল), টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) এবং এর ব্যাস ১০.৮০ মিটার (৩৫.৪ ফুট)। এতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নেটওয়ার্ক উন্নত হবে। এটি নির্মাণ করেছে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৭ সালের ১৪ অক্টোবর কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি শেখ হাসিনা টানেল বোরিং ফেজও উদ্বোধন করেন।






















