নেপালের ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫৭, আহত শতাধিক
- আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১৯০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
গত শুক্রবার (৩ নভেম্বর) নেপালে আঘাত হানা ৬.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। রোববার (৫ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনকে এ তথ্য জানানো হয়।
ভূমিকম্পের পর এলাকাবাসী রাতভর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। ভূমিকম্পে দেশের বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতভর আতঙ্কে রাস্তায় রাত কাটিয়েছেন অনেকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। নেপালের বিভিন্ন স্থানে অন্তত এক মিনিট ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
এদিকে, নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। এ নিয়ে গত এক মাসে দেশটিতে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯০,০০০ জনসংখ্যার জাজারকোট মূলত পাহাড়ি এলাকা। এখানকার বিক্ষিপ্ত গ্রামগুলো বেশ দুর্গম। বহু এলাকায় জরুরি দলগুলোকে আগে ভূমিধ্বসে বন্ধ হয়ে যাওয়া পথগুলো পরিষ্কার করতে হবে, তাই উদ্ধারকাজ হয়তো প্রত্যাশা মতো দ্রুত শুরু করা যাবে না।
























