তেলের দামে বাড়তি চাপের আশঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ০৩.০৩.২০২৬ ।।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেছেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষিত আছে, যা দিয়ে চাহিদা মেটানো সম্ভব হবে। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, বৈশ্বিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে বিদ্যমান মজুত পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় আপাতত জ্বালানির দাম বাড়ার আশঙ্কা নেই। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে ইতোমধ্যে সাতটি জাহাজের জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে বলেও জানান তিনি। বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে প্রায় ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের এবং জেট ফুয়েল ৫৫ দিনের সমপরিমাণ। সংস্থাটি জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
























