ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ক্লাব নিয়ে পোপ ফ্রান্সিসের উদ্যোগ
- আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৫৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
ক্যাথলিক চার্চের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে যৌথভাবে ‘পোপ ফ্রান্সিস ৩ জিরোস ক্লাব’ নামে ক্লাব করার উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ মানবজাতির জন্য একটি রূপান্তরিত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টার অংশ। ‘পোপ ফ্রান্সিস ৩ জিরোস ক্লাব’ রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুব সমাজের জন্য একটি আশার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এটি উদ্ভাবনীর ধারণা, বিকাশ এবং বাস্তব ও টেকসই সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করছে। রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনাকে লেখা একটি চিঠিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, তিনি এই উদ্যোগের জন্য সম্মানিত। একই সঙ্গে তিনি রেইনাকে অভিনন্দন জানিয়েছেন।
ইউনূস বলেন, চলুন স্বপ্ন দেখি, একটি একক মানব পরিবার হিসেবে, যেখানে আমরা সবাই একই মাটির সন্তান। প্রত্যেকে তার নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমৃদ্ধি নিয়ে আসে এবং আমরা সবাই একে অপরের ভাই ও বোন। পোপ ফ্রান্সিসের সামাজিক ন্যায়বিচারের প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং সামাজিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে, ‘৩ জিরোস ক্লাব’ তরুণদের এমন প্রকল্প কল্পনা ও বাস্তবায়নের জন্য উৎসাহিত করে যা অর্থবহ পরিবর্তন আনে।
তিনি বলেন, তাদের সৃজনশীলতা এবং উদ্যোক্তা মনোভাবকে লালন করার মাধ্যমে আমরা তাদের আরও ন্যায়পরায়ণ এবং সামঞ্জস্যপূর্ণ সমাজের নির্মাতা হিসেবে তৈরি করতে সহায়তা করছি। পোপ ফ্রান্সিস ও অধ্যাপক ইউনূস সবাইকে এই রূপান্তরমূলক যাত্রায় অংশ নেওয়ার এবং পরবর্তী প্রজন্মকে এমন একটি সভ্যতা গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করার আহ্বান জানান, যা প্রতিটি ব্যক্তির মর্যাদা রক্ষা করে। বিশ্বজুড়ে অন্তত ৪ হাজার ৬০০টি ‘৩ জিরোস ক্লাব’ রয়েছে, যা অধ্যাপক ইউনূসের নতুন সভ্যতার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।











