জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে ছাত্রলীগের তল্লাশি
- আপডেট সময় : ০৬:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৩১০ বার পঠিত

জাবি প্রতিনিধি:
রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস আটকে তল্লাশি করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ সকাল সাতটার দিকে ঢাকাগামী স্টাফ বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে এ ঘটনা ঘটে।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, আজ সকাল সাতটার ঢাকাগামী স্টাফ বাস ছেড়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বাস থামিয়ে তল্লাশি করেন। এ সময় তারা বাসে থাকা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বিএনপির সমাবেশে কেউ যাচ্ছেন কি না,তা অনুসন্ধান করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দাবি, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আবদুর রহমান ওরফে বাবুলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে ২০ জন বহিরাগত বিএনপির সমাবেশে যাচ্ছিলেন। পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাসের চালককে ফোন দিয়ে বাস থামানোর নির্দেশ দেন। তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বহিরাগতরা বাস থেকে নেমে চলে যান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমরা জেনেছি, বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে ২০ জনের মতো বহিরাগত বিএনপির সমাবেশে যাচ্ছে। আমাদের জুনিয়র নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বলেন,আমার নেতৃত্বে বহিরাগত কেউ বাসে ওঠেনি। এ অভিযোগ অসত্য। ছাত্রলীগ বাস আটকেছে। কেউ ঢাকায় বিএনপির সমাবেশে যাচ্ছে কি না, তা তল্লাশি করছিল ওরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষক আওলাদ হোসেন বলেন,আমি এ ব্যাপারে কিছু জানি না। যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বাস এবং কেউ যদি এ বাস আটকিয়ে তল্লাশি করে থাকে, তবে তা ঠিক করেনি।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।




















