গাজার আল-সিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান
- আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনী গাজার সবচেয়ে বড় আল-সিফা হাসপাতালে অভিযান শুরু করেছে। রোগীদের পাশাপাশি আশ্রয় নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।
হাসপাতালের এক চিকিৎসক জানান, ইসরায়েলের অপারেশনের ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের কর্মী ও ফিলিস্তিনি উদ্বাস্তুদের সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে।
এক বিবৃতিতে হামাস হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের জন্য দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণভাবে দায়ী। আল-শিফা হাসপাতালকে হামাস সামরিক প্রয়োজনে ব্যবহার করছে— ইসরায়েলের এমন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করেই হাসপাতালে অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন; আর তার ফলাফল চলমান এই অভিযান। ’
ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা আল-শিফা হাসপাতালে লুকিয়ে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাসপাতালের হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে।
যদিও ইসরায়েলের এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে হামাস থেকে।
এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী কর্মকর্তা বলেছেন, গাজায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে। উভয় পক্ষের সংঘর্ষের শিকার হচ্ছে শিশুরা।
তিনি বলেন, ধ্বংসস্তূপে অনেক নিখোঁজ শিশু চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে গাজার হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২২টি বন্ধ রয়েছে। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও নিরাপত্তাহীনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় বর্তমানে মাত্র ১৪টি হাসপাতাল চালু রয়েছে। কিন্তু এসব হাসপাতালে জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব রয়েছে।






















