কোরিয়ান তারকার রহস্যময় মৃত্যু, মিললো চিরকুট
- আপডেট সময় : ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৩০৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
বেশ ব্যস্ত তারকা ছিলেন তিনি। কাজ করছিলেন, প্রশংসা পাচ্ছিলেন। হঠাৎ সেই তারকার মৃত্যুর খবর দক্ষিণ কোরিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। মাত্র ৩৯ বছর বয়সী এই অভিনেতা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন সে বিষয়ে এখনো দেশটির পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়। এসময় তার মরদেহের পাশে দুই পাতার সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সং জে রিমের দেহ কে প্রথম দেখতে পান, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভেতরে ওই তারকার মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। তারপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। অভিনয় শুরু করেন ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনো তার দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।






















