কেন শাহরুখকে দোষারোপ করলেন শুভ?
- আপডেট সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারের জন্য মুম্বাই সফর করার সময় অভিনেতা আরিফিন শুভ মজার ছলে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দোষারোপ করেছেন। গত শুক্রবার (২৭ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মুজিব’ বায়োপিক। মুজিব চরিত্রে অভিনয় করে এরই মধ্যে ভালো দর্শকের মন জয় করেছেন আরিফিন।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বলিউড বাদশাহকে নিয়ে হঠাৎই মজার ছলে দোষারোপ করেছেন শুভ। এক সাক্ষাৎকারে আরিফিন বলেন, ‘মুম্বাই এখন আমার কাছে বাড়ির মতো মনে হয়। এখানে সবাই আমাকে নতুন নাম দিয়েছে। তারা আমাকে অরবিন্দ বলে ডাকে। আমিও তাতে সায় দেই।’
সাবলীল হিন্দি বলতে পারেন আরিফিন শুভ। তাকে জিজ্ঞেস করা হলো কিভাবে পারেন তিনি? এই প্রশ্নে তিনি মজা করে বলেন, ‘এর জন্য মিস্টার শাহরুখ খান এবং বলিউডের সব তারকাদের দোষ দিতে পারেন।’
কেন এমন বললেন নায়ক? তাঁর কথায় বোঝা গেল, তিনি প্রচুর হিন্দি সিনেমা দেখেন। এছাড়া সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া এবং তাজউদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।























