কক্সবাজারের চারটি সংসদীয় এলাকায় মিলিয়ে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট
- আপডেট সময় : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১১.০২.২০২৬ ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার জেলার চারটি আসনে মোট ২৮,৬৩০টি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে প্রথমবারের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে দেশের বাইরে এবং ভেতরে অবস্থানরত প্রবাসী, সরকারি-বেসরকারি কর্মচারী এবং কারাবন্দিরা ভোট প্রদান করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কক্সবাজার জেলার চারটি আসনে পোস্টাল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
আসনভিত্তিক, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৯,৬৩৫টি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৪,২১২টি, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১০,৯১৭টি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩,৮৬৬টি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর ভোট গণনা শুরু হবে। এটি সাধারণ ভোট গণনার মতোই সম্পন্ন হবে। এর জন্য প্রয়োজনীয় কর্মকর্তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতি ৩০০ ভোটে একজন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ভোট গণনার সময় প্রার্থীরা সরাসরি উপস্থিত থাকতে পারবেন অথবা তারা এজেন্ট নিয়োগ করে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। প্রশাসন জানিয়েছে, ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ভোটগুলো স্ক্যানিংয়ের মাধ্যমে যাচাই করা হবে এবং পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। এছাড়া, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যবহৃত আলাদা ব্যালটও গণনায় অন্তর্ভুক্ত হবে।
এ ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ইত্যাদি দেশ থেকে ভোট প্রদান করা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরাও এই ব্যবস্থার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তবে, কোন দেশ থেকে কতটি পোস্টাল ভোট এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
























