ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র্যাবে
- আপডেট সময় : ০৩:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব।
আজ (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ কথা জানান।
র্যাব এরই মধ্যে অনেক হেভিওয়েটকে গ্রেফতার করেছে। কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুন অর রশীদের মতো বিতর্কিতদের গ্রেফতার করতে পারেনি। তাদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে। তথ্য পেলেই গ্রেফতার করা হবে।
তিনি বলেন, আটটি বাহিনী থেকে র্যাবে সদস্য আসে। র্যাবের ১০ হাজার সদস্যের মধ্যে প্রায় ৪৪ শতাংশ পুলিশ বাহিনী থেকে আসে। কিন্তু র্যাবে কোনো সমস্যা ছিল না। ছাত্র-জনতার ওপর র্যাব কখনোই মারণাস্ত্র-গুলি ব্যবহার করেনি। র্যাব ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে।
















