ইউএসএআইডির এক হাজার কর্মীর অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দাবি
- আপডেট সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২১৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
এবার মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির এক হাজার কর্মী অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। এছাড়াও, এই কর্মীরা মার্কিন অস্ত্র সমর্থন এবং ইসরায়েলের সমর্থনে ওয়াশিংটনের যুদ্ধ নীতির কঠোর সমালোচনা করেন। চিঠিতে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি মার্কিন সমর্থনেরও নিন্দা করেছে।
চিঠিটি গত সপ্তাহে ইউএসএআইডির দেশি-বিদেশি শাখায় পাঠানো হয়েছে। এরপর বুধবার (৮ নভেম্বর) এক হাজার কর্মী স্বাক্ষরিত চিঠি পায় সংস্থাটি।
চিঠিতে, তারা গাজায় জরুরী মানবিক সহায়তার আহ্বান জানিয়ে বলেছে, ‘সংস্থাটি অনেক সময় ধরে জরুরি সেবার পাশাপাশি যুদ্ধ বিরতির জন্যে অক্লান্ত চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে কোন মানুষ যেনো মানবিক সহায়তা ও জীবন রক্ষাকারী সাহায্য থেকে বঞ্চিত না হয়। গত ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান ও নির্বিচারে বোমা হামলায় মার্কিন সমর্থন যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন ও মানবিক সহায়তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে।’
এর আগে ২০ অক্টোবর, অস্কার বিজয়ী অভিনেতা জোয়াকিন ফিনিক্স এবং কৌতুক অভিনেতা জন স্টুয়ার্ট সহ ৬০ জন হলিউড তারকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি লিখিত বার্তায় গাজায় যুদ্ধবিরতি দাবি করেছিলেন।
চিঠিতে তারা লিখেছেন,‘আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদেরকে পবিত্র এই ভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধ বিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমা হামলা বন্ধ করুন ও বন্দীদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন। এ ঘটনায় আমরা নীরব ছিলাম। কিন্তু এখন উপলব্ধি করেছি যে এই বার্তা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।’





















