অমিতাভ-জয়ার ৫০ বছরের দাম্পত্য জীবনের মূলমন্ত্র
- আপডেট সময় : ০২:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দাম্পত্য জীবনের ৫০ বছর পার করে ফেললেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। বলিউডের রিল এবং রিয়েল লাইফের অন্যতম হিট এই দম্পতির আজ ৫০তম বিবাহবার্ষিকী। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। বাবা-মার বিয়ের দিন তাদের একটি অদেখা ছবি পোস্ট করে, তাদের একসঙ্গে এই দীর্ঘ পথ চলার নেপথ্যের কারণ জানালেন শ্বেতা।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একটি অদেখা ছবি পোস্ট করেছেন বিগ বি কন্যা। এদিন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে শ্বেতা লেখেন, ‘হ্যাপি ৫০ বাবা-মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।’
এই পোস্ট দিয়ে তিনি বলেন, বলিউডের শাহেনশাহ ও তার স্ত্রীর এই দীর্ঘ বিবাহিত জীবনের নেপথ্যে আছে কোন কারণ। শ্বেতার কথায়, ‘আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার রহস্য কী? মা জবাবে বলেছিল ভালবাসা। আর বাবা? তার উত্তর ঠিক তার স্ত্রী যা বলেছিল। দাম্পত্যকে টিকিয়ে রাখার এটাই মূল মন্ত্র।’
শ্বেতা যে ছবিটি শেয়ার করেছেন তাতে অমিতাভ এবং জয়াকে একে অপরের চোখের দিকে তাকাতে দেখা যাচ্ছে। জয়া একটা শাড়ি পরে আর অমিতাভ সেই পুরনো ফ্যাশনের স্টাইলের ব্যাগি প্যান্ট এবং প্রিন্টেড শার্ট পরে আছেন। এই সাদা-কালো ছবিতে, তাদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
শুধু অফস্ক্রিন নয়, বিগ বি আর জয়ার অনস্ক্রিন কেমিস্ট্রিও সবার পছন্দ। একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন তারা। ১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবিতে কাজ করার সময় তারা একে অপরের প্রেমে পড়েন। পরের বছর তারা আবার একসঙ্গে ‘এক নজর’ ছবিতে কাজ করেন। সেখানে তাদের সম্পর্ক গভীর হয়। এরপর ১৯৭৩ সালে বিয়ে করেন।
























